বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে। এতে প্রায় ৩ হাজার ৩০০ কর্মী চাকরি হারাতে পারেন।
উবারের নিয়ন্ত্রক সংস্থায় দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী কর্মী সংখ্যা প্রায় ৩৬ হাজার ৬০০। এর মধ্যে যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় ১৪ হাজার ৬০০ জন।
তবে উবারের প্ল্যাটফর্মে কাজ করা চালক ও কুরিয়াররা এই কর্মীসংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত নন এবং তারা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উবার জানিয়েছে, তাদের বৈশ্বিক কর্মীদের প্রায় এক-তৃতীয়াংশ সান ফ্রান্সিসকো বে এরিয়ায় কর্মরত। সান ফ্রান্সিসকো ও সানিভেলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ও বিভিন্ন অফিস রয়েছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খসরোশাহি বলেন, “আমরা ব্যবস্থাপনার স্তর কমাচ্ছি, টিমের কাঠামো সহজ করছি, বৈশ্বিক অবস্থান কৌশল পুনর্বিন্যাস করছি এবং সামনে থাকা সবচেয়ে বড় সুযোগগুলোর দিকে আমাদের কর্মী ও বিনিয়োগকে কেন্দ্রীভূত করছি।”
পুনর্গঠনের অংশ হিসেবে উবার তাদের রিমোট ওয়ার্ক নীতিতেও পরিবর্তন আনছে। খসরোশাহি জানান, বৈশ্বিক টিমগুলোকে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মতো বড় হাবগুলোতে, আঞ্চলিক টিমগুলোকে নির্ধারিত আঞ্চলিক হাবে এবং স্থানীয় টিমগুলোকে সংশ্লিষ্ট দেশের হাবে কেন্দ্রীভূত করা হবে। প্রযুক্তি টিমগুলোও নির্ধারিত টেক হাবে কাজ করবে।
ভবিষ্যতে উবারের প্রায় ১ শতাংশ কর্মী পুরোপুরি রিমোট পদ্ধতিতে কাজ করবেন। অর্থাৎ, বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত অনেক কর্মীকে নির্ধারিত অফিসে গিয়ে কাজ করতে হতে পারে।
খসরোশাহি বলেন, “আমরা আমাদের হাইব্রিড কর্মনীতি মেনে চলার বিষয়টিও আরও জোরদার করব। এই নীতি অনুযায়ী কর্মীদের সপ্তাহে তিন দিন অফিসে কাজ করতে হবে।”
এর মাধ্যমে মহামারির সময় চালু হওয়া নমনীয় কর্মব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসা বড় প্রতিষ্ঠানগুলোর তালিকায় উবারও যুক্ত হলো।
এদিকে, উবারের এই সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে নিয়েছেন বলে মনে হচ্ছে। ঘোষণার পর বুধবার সকালে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
Leave a comment