জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক সংকট আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, ‘জাতীয় সংকট তো আছেই, তবে আন্তর্জাতিক সংকট তার চেয়েও অনেক বেশি। তারপরও অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান। তবে দেশ এভাবে চলা উচিত নয়। মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করতে হবে এবং দ্রব্যমূল্য আরও কমানো প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে এখন পর্যন্ত অনুসরণ করা ছাড়া সরাসরি বিরোধিতা করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না।’
শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ তুলে কাদের সিদ্দিকী বলেন, ‘নতুন নতুন কর্মসূচি দেওয়ায় অনেক নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁর একটি হুমকির কারণে অনেক নিরীহ মানুষ জেলে যাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন। হয়তো তাঁরা বাইরে ছিলেন, কিন্তু ওই হুমকির পর থেকেই তাঁদের জেলে যাওয়া শুরু হয়েছে।’
পরে কাদের সিদ্দিকী প্রয়াত আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a comment