শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা–মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুজাহিদুল ইসলাম ধনাকুশা এলাকার মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধনাকুশা বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মায়ের কোলে থাকা মুজাহিদুল ইসলাম ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন (২৫), বাবা মনিরুল ইসলাম (৩০) এবং ফুরকান হামিদ (৩০) আহত হয়েছেন। তাঁরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment