Home সাম্প্রতিক আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক

আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬১ বছর পূর্ণ করে জীবনের ৬২তম বছরে পা দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি।

তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেন।

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচার কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। সে সময় তাঁর মা খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি।

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ওই সময়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। পরে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে তিনি বিএনপির সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়ী হন তিনি। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

এরপর ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

রাষ্ট্র সংস্কার ও সরকারের বিভিন্ন উদ্যোগ

বিএনপির রাজনৈতিক কর্মসূচির অন্যতম বিষয় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা। এতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারসহ বিভিন্ন প্রস্তাব রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে তাঁর সরকার।

সরকারের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি।

বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আয়ের পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতে কৃষক কার্ড কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণ ও সুদ মওকুফ, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসেবায় হেলথ কার্ড চালুর মতো উদ্যোগের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষা খাতে মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা এবং পাঠ্যক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

অন্যদিকে, সরকারি ব্যয় কমাতে অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করা, সরকারি যানবাহন কেনার ওপর বিধিনিষেধ আরোপ এবং প্রশাসনিক ব্যয়ে মিতব্যয়িতার মতো পদক্ষেপের কথাও জানানো হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকারের এসব উদ্যোগ বাস্তবায়ন ও অগ্রগতি আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে...

;