কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রোডম্যাপ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক ঐক্যকে কার্যকর করতে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন তাঁরা।
সংলাপ শেষে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তবে সেই ঐক্য আরও সুদৃঢ় করতে একটি সুস্পষ্ট ভিত্তি ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।
তিনি বলেন, ‘এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।’
এনসিপির আহ্বায়ক জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলামের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক অবস্থানে থাকা দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তবে বর্তমান পরিস্থিতির জন্য সরকারের কিছু সিদ্ধান্ত ও অবস্থানকেও দায়ী করেন নাহিদ ইসলাম।
তাঁর অভিযোগ, নির্বাচনের পর গত সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপস, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার ফলে চলমান সংকট তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের ভিত্তি হতে হবে সংস্কার, বিচার ও বাংলাদেশের সার্বভৌমত্ব। তাই ঐক্যপ্রক্রিয়ার আলোচ্যসূচিতে সংস্কারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তাঁরা।
বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান এনসিপির নেতারা।
এ বিষয়ে নাহিদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচার দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দাখিলসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। এতে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
সংবিধান সংশোধন কমিটি বাতিল ও জুলাই সনদ বাস্তবায়নের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, সরকার এসব প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছে।
তবে বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
Leave a comment