নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৫ হাজার কোটি ভারতীয় রুপির অর্থনৈতিক সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। নেপালি মুদ্রায় এর পরিমাণ ২৪ হাজার কোটি রুপি। একই সঙ্গে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ প্রযুক্তি, নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব ঘোষণা দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে নেপালের বন্যা-পরবর্তী পুনর্গঠন, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ভারত সরকারের যৌথ বিবৃতি অনুযায়ী, ঘোষিত ১৫ হাজার কোটি রুপির মধ্যে ৩ হাজার ৫০০ কোটি রুপি অনুদান হিসেবে দেওয়া হবে। এ অর্থ দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও নতুন অবকাঠামো প্রকল্পে ব্যয় করা হবে। বাকি ১১ হাজার ৫০০ কোটি রুপি জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়নে ঋণসুবিধা হিসেবে দেওয়া হবে।
সহায়তার আওতায় নির্দিষ্ট প্রকল্প ও অর্থ ছাড়ের পদ্ধতি দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতেই এই অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার, জনপদ পুনর্গঠন এবং বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের সহায়তার সুযোগ তৈরি হবে।
গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দুর্যোগে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ হন।
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে আসেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ।
বৈঠক শেষে তাঁর নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, নেপালের জনগণের দেওয়া জনরায় দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়; দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে।
নেপালের সংকটের সময় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে মোদি জানান, চলতি বছর জ্বালানি সরবরাহে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে।
অন্যদিকে, সফরে উষ্ণ অভ্যর্থনা ও সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বালেন্দ্র শাহ।
তিনি বলেন, ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতো সুদৃঢ়। প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় ভারত নেপালের পাশে দাঁড়িয়েছে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান শাহ।
আট খাতে সহযোগিতার সমঝোতা
দ্বিপক্ষীয় বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা উন্নয়ন, মহাকাশ প্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন, আয়ুর্বেদসহ ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা এবং প্রাণিসম্পদ ও মৎস্য খাতে সহযোগিতার বিষয়ে আটটি সমঝোতা স্মারক বিনিময় করা হয়।
চুক্তিগুলোর মধ্যে রয়েছে নেপালের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ এবং টেকসই নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা।
এ ছাড়া দুই প্রধানমন্ত্রী যৌথভাবে যোগাযোগ ও জ্বালানি খাতের কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।
অযোধ্যা ও জনকপুরের মধ্যে নতুন রেলসেবা চালু এবং সীমান্তবর্তী যোগাযোগব্যবস্থা উন্নয়নের বিষয়েও দুই দেশের মধ্যে অগ্রগতি হয়েছে।
ভারত ও নেপালের মধ্যে উন্মুক্ত সীমান্ত রয়েছে। দুই দেশের নাগরিকেরা সাধারণভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারেন।
ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে নেপালের ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে নেপালের অবকাঠামো ও জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়িয়েছে চীন। তবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে নেপাল এখনো ভারতের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।
দুই দেশের বিদ্যুৎ সহযোগিতাও সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে ভারত।
নয়াদিল্লির এই বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, যোগাযোগ ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন দুই প্রধানমন্ত্রী।
Leave a comment