আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবিদ লেখেন, আওয়ামী লীগের রাজনীতি খুন, রাহাজানি ও ধ্বংসের রাজনীতি। এ কারণেই ক্ষমতাহীন আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়েও নিকৃষ্ট ও ভয়ানক বলে দেশবাসী মনে করে বলে দাবি করেন তিনি। দলীয় স্বার্থে আওয়ামী লীগ নিজেদের কর্মীদের জীবনেরও পরোয়া করে না বলে মন্তব্য করেন এই ছাত্রদল নেতা।
পোস্টে শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে গিয়ে যুবলীগ নেতা ইব্রাহিমের নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন আবিদ। তাঁর দাবি, আওয়ামী লীগের একটি পক্ষের সন্ত্রাসীদের হাতে ইব্রাহিম নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ গুলি চালায়নি; বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্যের পরিচয় দিয়েছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন।
আবিদ আরও দাবি করেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা গেরিলা ও গুপ্ত হামলার মাধ্যমে বিভিন্ন এলাকায় টার্গেট কিলিং, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের লোকজনকেই হত্যার শিকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে আওয়ামী লীগের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান আবিদ। তিনি লেখেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না। তবে তাঁকে দেশে ফিরিয়ে এনে জুলাই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
Leave a comment