জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের সীমান্তে ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, বিজেপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা-সমাবেশ করছেন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের নদ-নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। নতুন কোনো চুক্তি হবে কি না, কিংবা চুক্তির মেয়াদ নবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পানিসম্পদমন্ত্রী দুটি চিঠি পাঠিয়েও কোনো উত্তর পাননি বলে জানিয়েছেন। তাঁর অভিযোগ, এর মধ্য দিয়ে পদ্মাপাড়ের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা করছে ভারত।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিচার কার্যক্রম স্থবির ছিল। বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে এবং আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে জয়ী হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় এখন তারা ঐক্যের কথা বলছে। ৫ আগস্টের পর কিংবা গত আট মাসে জাতীয় ঐক্যের উদ্যোগ কোথায় ছিল, সে প্রশ্নও তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। গত ১৬ বছরে বিরোধী দলে থেকেও আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। এখন সরকারে থেকেও তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাঁর দাবি, বিএনপি সরকারের একজন সংসদ সদস্যও গোপালগঞ্জে যেতে পারছেন না। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা প্রকাশ পেয়েছে।
দেশে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। এ জন্য ছাত্র, তরুণ, শ্রমিক ও জনতাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার বিচার দাবি করে নাহিদ ইসলাম বলেন, তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল ও দলটিকে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে আবার রাজনীতিতে ফেরার সুযোগ পাবে—এমন ধারণা ভুল। ভারতসহ বিশ্বের কোনো পরাশক্তি পাশে থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আর সুযোগ দেবে না।
Leave a comment