রাজধানীর গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (২৯ নভেম্বর) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুসসালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ব্যাংকটির ফাস্ট ট্র্যাকের সামনে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণে কেউ হতাহত হননি।
ঘটনার পরপরই থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র: আরটিভি
Leave a comment