আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। তাঁদের অনেকেই রোগের দীর্ঘমেয়াদি ক্ষতি সম্পর্কে সচেতন নন। কিডনি রোগের চিকিৎসা সহজলভ্য করতে সরকার দেশজুড়ে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগও প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারের প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রমে যুক্ত থাকবেন।
তিনি আরও বলেন, কিডনি রোগের চিকিৎসাসেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে এ সেবা দেওয়া হবে।
কিডনি রোগের পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। এসব রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে জটিলতা কমানো এবং সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।
Leave a comment