সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনের সূত্রপাত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন সংসদ সদস্যের বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন।
তিনি জানান, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে গেলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক সপ্তাহের ব্যবধানে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এলাকায় দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
Leave a comment