গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর মায়ের প্যারোলে মুক্তির আবেদন করার কথা ভাবছিল পরিবার। তবে সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে যান স্বজনেরা। সেখানে কারাফটকে সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান শারমিন।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তূর্যের মরদেহ নিয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যান স্বজনেরা। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারাগারের ভেতরে শারমিনকে তাঁর ছেলের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহবাহী ভ্যানটি কারাগার থেকে বের হয়ে যায়।
কারাবন্দী শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেববাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা-পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নিপুন আরও বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্মের পর থেকে খাওয়াদাওয়াসহ সবকিছুতেই মায়ের ওপর নির্ভরশীল ছিল সে। শারমিন গ্রেপ্তার হওয়ার পর ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করতে পারছিল না। মায়ের জন্য অপেক্ষা করতে করতেই ছেলেটি মারা গেছে বলে দাবি করেন তিনি।
শাহাদাত হোসেন নিপুন অভিযোগ করেন, শারমিনকে আটকের আগে তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে। সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির ব্যবস্থা করতে না পেরে বাধ্য হয়ে মরদেহ নিয়ে কারাগারে এসেছেন তাঁরা।
কারাগার থেকে বেরিয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। মিথ্যা অভিযোগে করা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। শারমিন একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাঁর বোনকে জামিন না দেওয়ায় সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শাম্মী বলেন, ‘আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমার বোনকে, যেন সে তার সন্তানকে শেষবারের মতো দেখতে পারে।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দী শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। পরে নিয়ম অনুযায়ী তাঁকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
Leave a comment