হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়ে আবারও রোহিত শর্মাকে অধিনায়ক করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০২৭ সালের আইপিএল সামনে রেখে শুক্রবার ৩৯ বছর বয়সী এই তারকাকে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন তিনি। ২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটানস থেকে দলে আসা হার্দিককে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।
আসন্ন আইপিএলের আগে আর্শদীপ সিংয়ের বিনিময়ে হার্দিককে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়েছে মুম্বাই। ফলে দলের অধিনায়কের পদটি আবারও শূন্য হয়।
২০১৩ সালের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ের নেতৃত্ব পান রোহিত। ওই বছরই দলটিকে প্রথম আইপিএল শিরোপা এনে দেন তিনি। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও শিরোপা জেতে মুম্বাই।
অধিনায়ক হিসেবে আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে ৯১টিতে জয়, ৬৮টিতে হার এবং চারটি ম্যাচ টাই হয়েছে। শুধু আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ১৫৮ ম্যাচে ৮৭ জয় ও ৬৭ হারের রেকর্ড তাঁর। জয়ের হার ৫৫.০৬ শতাংশ।
২০১৩ সালে শিরোপা জয়ের পর মুম্বাইয়ের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা দেয়। ২০২১ সালে পঞ্চম, ২০২২ সালে দশম এবং ২০২৩ সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নেয় দলটি। এরপর নেতৃত্বে পরিবর্তন আনে ম্যানেজমেন্ট। তবে হার্দিকের নেতৃত্বেও ভাগ্য ফেরেনি মুম্বাইয়ের। ২০২৪ সালে দশম ও ২০২৬ সালে নবম হয় দলটি। মাঝের আসর ২০২৫ সালে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিতে হয় তাদের।
নতুন করে অধিনায়কের দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে রোহিত বলেন, ‘আমার জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই গর্বের বিষয়। আমরা কী অর্জন করতে পারি, সে বিষয়ে আমার অটুট বিশ্বাস রয়েছে। আমাদের দলের নিজস্ব খেলার ধরন ও পরিচয় ধরে রেখে খেলব, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব এবং খেলা উপভোগ করব।’
Leave a comment