আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসিকে দেখা যাবে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোও খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। দুই সময়ের দুই সেরা ফুটবলারকে একই ম্যাচে খেলানোর স্বপ্ন দেখছেন তেভেজ।
আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তেভেজের বিদায়ী ম্যাচ। বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শুরু করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০১৮ সালে আবার শৈশবের ক্লাবে ফিরেছিলেন। ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
তেভেজকে বিশেষভাবে বিদায় জানাতে চান বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমে। বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে একসঙ্গে পাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তেভেজ। দুজন একই দলে খেলুন কিংবা প্রতিপক্ষ হিসেবে মাঠে নামুন, তাতেও আপত্তি নেই তাঁর।
তেভেজ জানিয়েছেন, তাঁর বিদায়ী ম্যাচে খেলতে রাজি হয়েছেন মেসি। এবার রোনালদোর সম্মতির অপেক্ষায় আছেন তিনি। মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে এবং রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন তেভেজ। তাই ক্যারিয়ারের বিশেষ এই মুহূর্তে দুই সাবেক সতীর্থকেই পাশে চান তিনি।
ম্যাচটি ঘিরে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছে আয়োজকেরা। সেখানে বলা হয়েছে, ‘অ্যাপাচির (তেভেজের ডাকনাম) শেষ ম্যাচে বিশ্বের সেরা খেলোয়াড়কে স্বাগত জানাতে পারা সত্যিই সম্মানের।’
মেসি ও রোনালদো একই দলে খেলবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে ম্যাচে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালেরমো।
Leave a comment