Home বিনোদন পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!
বিনোদন

পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!

Share
Share

বিয়ের আসরে উড়ছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাড়ু দিয়ে এক জায়গায় জড়ো করছেন একজন। ভারতের বিহারের এক বিধায়কের মেয়ের বিয়ের এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিপুল আয়োজন, অতিথিদের ভিড়, খাবার নিয়ে হুড়োহুড়ি—সব মিলিয়ে বিয়েটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে এসেছিলেন প্রায় পাঁচ লাখ অতিথি। তাঁদের আপ্যায়নে নিয়োগ করা হয়েছিল ৫০০ জনের বেশি রাঁধুনি। তৈরি করা হয়েছিল ২৫ লাখ রসগোল্লা, যা কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

গত বুধবার (২৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ বিয়ের আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন বিহারের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। তাঁর মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে ঋষিকেশ কুমারের।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিহারের রাজধানী পাটনার নাদাওয়ান গ্রামে নিজেদের পৈতৃক বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন অনন্ত সিং। মোকামার এই বিধায়ক রাজ্যজুড়ে ‘ছোটে সরকার’ নামে পরিচিত। অনন্ত সিং বলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার থেকেই নয়, গোটা ভারত, এমনকি পাকিস্তান থেকেও। এটি কোনো সিনেমা হল নয়, তাই কারও টিকিটের প্রয়োজন নেই।’

ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের দাবি, তাঁর আমন্ত্রণে বিয়েতে প্রায় চার থেকে পাঁচ লাখ অতিথি সমবেত হয়েছিলেন। বিপুল মানুষের উপস্থিতিতে একপর্যায়ে বিশৃঙ্খলা তৈরি হয়।

পাঁচ লাখ অতিথির জন্য ১৫০ পদের আয়োজন

চার থেকে পাঁচ লাখ অতিথির আপ্যায়নে ১৫০টির বেশি পদের আয়োজন করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চার-পাঁচটি বিশাল প্যান্ডেলে শত শত কর্মীর সঙ্গে ৫০০ জনের বেশি হালুয়াই বা ঐতিহ্যবাহী রাঁধুনি কয়েক দিন ধরে খাবার তৈরি করেন। তৈরি করা হয়েছিল ১০০ ফুটের বেশি দীর্ঘ অস্থায়ী রান্নাঘর। আয়োজনের পরিধি বাড়াতে পরে আরও ১২টি তাঁবু যুক্ত করা হয়। ট্যাংকারে করে আনা হয়েছিল দুধ। কোনো কোনো ট্যাংকারে প্রায় ১০ হাজার কেজি দুধ ছিল।

লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অতিথিদের জন্য ২৫ লাখ রসগোল্লার পাশাপাশি ৫০ লাখ গোলাপজামুনও তৈরি করা হয়েছিল। সন্ধ্যায় খাবার পরিবেশনের সময় বিশাল ভিড় জমে যায়। কর্মীরা অতিথিদের মধ্যে খাবারের থালা বিতরণ করছিলেন।

এনডিটিভির তথ্যমতে, বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে খাবার সংগ্রহ করতে গিয়ে বিশৃঙ্খলার নানা দৃশ্য দেখা যায়। ভিড়ের কারণে খাবারের থালা না পেয়ে কেউ পানির গ্লাসকে প্লেট হিসেবে ব্যবহার করেন, কেউ বড় রান্নার পাত্র থেকে সরাসরি খাবার তুলে নেন। আবার কেউ কার্ডবোর্ডের বাক্সে করে খাবার নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা যায়, মিষ্টি সংগ্রহ করতে অতিথিরা হুড়োহুড়ি করছেন। মিষ্টির কাউন্টার একপর্যায়ে বিশৃঙ্খল হয়ে পড়ে। চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছিল রসগোল্লা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক অতিথিকে বলতে শোনা যায়, ‘এখানে খাবার পাওয়াটা যুদ্ধ জেতার মতো।’

১০ কিলোমিটার পর্যন্ত যানজট

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা বিশেষ অতিথিদের জন্য তৈরি করা হয় ছয়টি অস্থায়ী হেলিপ্যাড। বর ঋষিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ বিয়ের অনুষ্ঠানে হাজির হন। হিন্দুধর্মীয় বিশ্বাসে বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।

বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অতিথিদের আপ্যায়নে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল। ছিল আতশবাজির আয়োজনও।

লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল জনসমাগমের কারণে পাঁচ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়। গাড়ি, ট্রাক্টর এমনকি হেঁটেও মানুষ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

বিয়ের আসরে উড়ল টাকা, ঝাড়ু দিয়ে কুড়ালেন অতিথিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে অতিথিদের উদ্দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে টাকা। মেঝেতে পড়ে আছে ১০, ২০, ৫০ ও ১০০ রুপির নোট। পরে এক ব্যক্তিকে ঝাড়ু দিয়ে সেসব নোট এক জায়গায় জড়ো করতে দেখা যায়। আরেকজন সেগুলো স্তূপ করে রাখছেন।

‘হিমাংশুনিমা২’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এমন আয়োজনের সমালোচনা করেছেন, আবার কেউ ছড়িয়ে থাকা নোটের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। রাকেশ নামের এক ব্যবহারকারী মন্তব্যে দাবি করেছেন, নোটগুলো নকল হতে পারে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

অতিথিদের বিনোদনে ঘোড়দৌড়

অতিথিদের বিনোদনের জন্য অনন্ত সিং কোনো ডিজের ব্যবস্থা করেননি। এর পরিবর্তে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। ১২ বিঘা জমির ওপর তৈরি করা ট্র্যাকে প্রতিযোগিতা দেখতে ভিড় করেন দর্শকেরা। কেউ কেউ বিদ্যুতের খুঁটি ও ইস্পাতের কাঠামোর ওপর উঠে ঘোড়দৌড় দেখেন। প্রতিযোগিতার বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি নতুন মাহিন্দ্রা থার।

বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ৫২টি ঘোড়া আনা হয়েছিল। প্রতিযোগিতা চলার সময় দর্শকেরা ট্র্যাকের ওপর উঠে পড়েন। এতে আয়োজকেরা প্রতিযোগিতা বন্ধ করে পরে আবার আয়োজন করতে বাধ্য হন।

ভিআইপি অতিথিদের জন্য বিশেষ হেলিপ্যাডও তৈরি করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন উত্তর প্রদেশ থেকে হেলিকপ্টারে আসা বিজেপির সাবেক সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং।

বিয়ের আয়োজনে অনন্ত সিংয়ের প্রবেশও ছিল আলোচনার বিষয়। একটি এসইউভির সানরুফ দিয়ে উঠে আসেন তিনি। এ সময় তাঁকে ঘিরে সমর্থকদের ভিড় জমে যায়। একটি প্রতিবেদনে তাঁর এই প্রবেশকে এমনভাবে বর্ণনা করা হয়েছে, যেন মেয়ের বিয়েতে তাঁর উপস্থিতি বরকেও ছাপিয়ে গেছে।

এদিকে বর ঋষিকেশ কুমার আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে তিনি তিন কোটি টাকা মূল্যের একটি সাদা ল্যান্ড রোভার ডিফেন্ডার, ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন এবং ৮০ গ্রাম ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট উপহার পেয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, মামলায় আসামি ৮০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ‘স্যরি’, সিরাজগঞ্জে প্রেমিকের বিলবোর্ড ভাইরাল

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কত কিছুই না করেন মানুষ। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ বেছে নেন ব্যতিক্রমী কোনো আয়োজন।...

Related Articles

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের...

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির!

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে।...

তৃতীয় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত জানালেন সংগীতশিল্পী ন্যান্সি

তৃতীয় স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগীতশিল্পী নাজমুন...

কে জিতলেন মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশ্বের...

;