সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে বনে যেতে পারছেন না উপকূলের অনেক বনজীবী। বন্ধ হয়ে গেছে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণের মতো জীবিকা। এতে অনেক পরিবারের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছে। বাবা-মায়ের আয় বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের পড়াশোনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। কারও হাতে বই কেনার টাকা নেই, কেউ দিতে পারছে না পরীক্ষার ফি। অভাবের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এ পরিস্থিতি থেকে মুক্তি এবং শিক্ষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছে সুন্দরবন উপকূলের শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা মাঠ থেকে ‘উপকূলে জাগরণ যাত্রা’ নামে একটি কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ সময় বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ, বনজীবীদের নিরাপদে বনে যাওয়ার সুযোগ এবং উপকূলীয় পরিবারগুলোর জীবিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বই-খাতা, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘চাচ্চু পেটে ক্ষুধা, আব্বা বাদায় যেতে পারছে না’ এবং ‘বনে দস্যু থাকলে আয়হীন বাবা আমাদের পড়াবে কীভাবে?’ এসব স্লোগানে মুখর হয়ে ওঠে উপকূলীয় সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ। জাগরণ যাত্রা শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির আতঙ্কে অনেক বনজীবী দীর্ঘদিন ধরে বনে যেতে পারছেন না। এতে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণের সঙ্গে যুক্ত হাজারো পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। সংসারে অভাব-অনটন বাড়ছে। সন্তানদের খাবার জোগানোর পাশাপাশি বই-খাতা কেনা, পরীক্ষার ফি দেওয়া ও পড়াশোনার অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল রানা বলেন, ‘বাবা-মায়ের বেকারত্ব আমাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে দস্যুদের নির্মূল করতে হবে।’
শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, ‘দস্যুদের ভয়ে বাবা বনে যেতে পারছেন না। ঘরে হাঁড়িতে ভাত নেই। আমাদের পরীক্ষার ফি ও বই কেনার টাকা নেই। আমরা বাঁচতে চাই, স্কুলে যেতে চাই।’
শিক্ষার্থী হিরা মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দস্যুদের তাণ্ডবে একটি পুরো প্রজন্ম অন্ধকারে হারিয়ে গেলে সেই দায় কে নেবে?’
অভিভাবক মনোয়ারা খাতুন বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ বহন করাও অসম্ভব হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ ও আর্থিক সহায়তা প্রয়োজন।
অভিভাবক কামরুল ইসলাম বলেন, বনদস্যুদের দৌরাত্ম্য থামাতে না পারলে তাঁরা না খেয়ে থাকবেন এবং সন্তানদের অশিক্ষিত রেখেই ধ্বংস হয়ে যাবেন।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন, আশুরা খাতুন, মো. অয়েস কুরুনী, মোছা. মুন্নি আক্তার, স্কুলশিক্ষার্থী রাকিব হোসেন, মো. টুটুল ও মো. জিল্লুর রহমানসহ অন্যরা।
সমগ্র কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনার সরকারি বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী মো. জিয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।
শিক্ষকদের পক্ষে কর্মসূচিতে সংহতি জানান মাস্টার আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি প্রকাশ করেন গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।
শিক্ষার্থীদের দাবি, সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বন্ধ করে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জীবিকা হারিয়ে সংকটে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। অভাবের কারণে যেন কোনো শিক্ষার্থীকে পড়াশোনা ছেড়ে দিতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
Leave a comment