ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সন্তান জন্মের আগে কিংবা জন্মের পর নির্ধারিত সময়ের মধ্যে এই ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তামিলনাড়ু সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের সম্ভাব্য জন্মতারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময়ে পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন যোগ্য কর্মীরা। এ বিষয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় আদেশও জারি করেছে।
সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সময় মা ও নবজাতকের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ সময় মায়ের পাশে থাকা, নবজাতকের যত্ন নেওয়া এবং পারিবারিক দায়িত্ব ভাগ করে নিতে বাবার উপস্থিতি প্রয়োজন।
তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান। তবে পুরুষ সরকারি কর্মীদের জন্য এত দিন একই ধরনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না।
দীর্ঘদিন ধরে পুরুষ সরকারি কর্মীরা পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের আবেদন বিবেচনায় নিয়ে রাজ্য সরকার প্রথমবারের মতো ১৫ দিনের ছুটি অনুমোদন করেছে।
এর আগে গত আগস্টে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা সম্প্রসারণের ঘোষণা দেয় বিজয় সরকার।
এর ফলে প্রথম ও দ্বিতীয় সন্তানের পাশাপাশি তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও সমপরিমাণ মাতৃত্বকালীন ছুটির সুযোগ তৈরি হয়েছে।
রাজ্য সরকারের মতে, নতুন পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ বাড়ানো এবং পরিবারের দায়িত্ব ভাগাভাগিতে সহায়ক হবে।
Leave a comment