ভারতের তামিলনাড়ু রাজ্যে পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত। সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ বাড়াতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে রাজ্য সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সন্তান লালন-পালনে বাবার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, সন্তান জন্মের ১৫ দিন আগে থেকে জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় এ ছুটি নেওয়া যাবে। এ সুবিধা চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ু সরকার জানিয়েছে, পুরুষ সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার দাবিতে বিভিন্ন পর্যায় থেকে আবেদন আসছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। নতুন সিদ্ধান্তের ফলে সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে পুরুষ সরকারি কর্মীরাও আনুষ্ঠানিক ছুটির সুযোগ পাবেন।
Leave a comment