আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী থাকাকালে ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। পাঠদানের নিজস্ব ধরন ও সহজবোধ্য উপস্থাপনার কারণে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তাও অর্জন করেন হাসনাত।
রাজনৈতিক কর্মকাণ্ড ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ব্যস্ততায় দীর্ঘদিন নিয়মিত ক্লাস নেওয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে শিক্ষকতার সঙ্গে তাঁর সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। সম্প্রতি তাঁকে একটি কোচিং সেন্টারের কুমিল্লা শাখায় ক্লাস নিতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় আবারও অনলাইন ক্লাস নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ‘স্কুল অব এক্সিলেন্স’-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত একটি ক্লাসে অংশ নেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ক্লাসটি শেয়ার করেন এই সংসদ সদস্য। এদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের ইংরেজি ব্যাকরণের পুনরালোচনা করান তিনি।
এর আগে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় এক বছর পর, ২০২৫ সালের ১ আগস্টও ‘স্কুল অব এক্সিলেন্স’-এর অনলাইন ক্লাসে অংশ নিয়েছিলেন হাসনাত। সেদিনও ইংরেজি ব্যাকরণের ওপর একটি বিশেষ পুনরালোচনা ক্লাস নেন তিনি।
সংসদ সদস্য হওয়ার পরও নিজের শিক্ষকসুলভ উপস্থাপনার ধরনকে কাজে লাগিয়েছেন হাসনাত আবদুল্লাহ। ‘সততা, ন্যায়বিচার এবং জনগণই পুঁজি’—এই স্লোগান সামনে রেখে নিজের নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য তুলে ধরতেও পাঠদানের মতো ব্যতিক্রমী পদ্ধতি বেছে নেন তিনি।
গত ১০ মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে কুমিল্লা-৪ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ ও জনসেবামূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। তাঁর ওই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাইভ ক্লাস’ হিসেবে পরিচিতি পায়।
ওই সম্প্রচারে ডিজিটাল বোর্ড ও স্লাইড উপস্থাপনার মাধ্যমে দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি সেবার কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণসামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক তথ্য তুলে ধরেন হাসনাত। এ সময় ঠিকাদারদের উদ্দেশেও বক্তব্য দেন তিনি। কমিশনমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে তাঁদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া দেবিদ্বারের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য নিয়মিত জনগণের কাছে পৌঁছে দিতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন তিনি।
Leave a comment