ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনি। তাঁর দাবি, মামলা ও ছেলেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। থানায় আটকে রেখে আরও টাকা দাবি করা হয়। এ ছাড়া তাঁকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টাও করা হয়েছে।
এসব অভিযোগ তুলে বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করেন সনি। এ সময় তিনি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসকিরা অমিন সনি বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং তাঁর ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী পরিচয়ে আটক করার ভয় দেখিয়ে ওসি ফয়জুল আজিম নোমান তাঁর কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেছিলেন। কিন্তু এরপরও ওসি তাঁকে বারবার ফোন করে নিজের বাংলোয় যেতে বলতেন এবং নানাভাবে উত্যক্ত করতেন।
সনির অভিযোগ, গত ১১ নভেম্বর রাতে পুলিশ তাঁর বাসায় যায়। পুলিশ সদস্যরা তাঁকে জানান, ওসি দেখা করতে বলেছেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রথমে ডিউটি কর্মকর্তার কক্ষে রাখা হলেও ওসি থানায় আসার পর তাঁকে নিজের কক্ষে নেওয়া হয়।
সনি বলেন, থানায় নেওয়ার সময় তাঁকে বলা হয়েছিল, ওসির সঙ্গে কথা বলে তিনি বাসায় ফিরতে পারবেন। কিন্তু ওসি তাঁকে আসামি হিসেবে থানায় আনার বিষয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি আইনজীবীকে ফোন করার কথা বললে ওসি আইনজীবীকে সিগারেট নিয়ে আসতে বলেন। পরে তাঁর আইনজীবী সিগারেট নিয়ে থানায় যান।
সনি জানান, থানায় অবস্থানকালে ওসি ফেনী মডেল ও সোনাগাজী থানায় ফোন করে তাঁর বিরুদ্ধে কোনো মামলা থাকলে পাঠানোর কথা বলেন। এ সময় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন তাঁকে তিন থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর ভয় দেখান এবং কত টাকা দিতে পারবেন, তা জানতে চান। সনি ৩০ হাজার টাকা দিতে পারবেন বললে ওই সাংবাদিক ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেন তিনি।
সনির ভাষ্য, একপর্যায়ে ওসি তাঁর হাতে মুঠোফোন দিয়ে বলেন, তাঁর সাবেক স্বামী পারভেজ তাঁকে গ্রেপ্তারের কথা বলেছেন। এ সময় তিনি কান্নাকাটি শুরু করেন। তখন সাংবাদিক তুহিন তাঁকে এক লাখ টাকা দিতে বলেন। সনি টাকা দিতে পারবেন না জানালে তাঁকে বিভিন্ন থানায় মামলা থাকার কথা বলা হয়।
সনি আরও বলেন, ওসি চলে যাওয়ার পর তাঁকে থানার পাশের একটি কক্ষে রাখা হয়। পরদিন সকালে ওসি ও সাংবাদিক তুহিন আবার তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন। তাঁদের দাবি ছিল, ওই টাকা থেকে পুলিশ সুপারকে (এসপি) এক লাখ টাকা দিতে হবে।
তাঁর অভিযোগ, টাকা দিতে না পারায় তাঁকে আদালতে সোপর্দ করা হচ্ছিল না। একপর্যায়ে ওসি তাঁকে চা দিতে বলেন। তিনি চা খেতে অস্বীকৃতি জানালে ওসি তাঁর হাত ধরার চেষ্টা করেন। তিনি ওসির হাত সরিয়ে দেন। পরে তাঁর বড় বোন থানায় গেলে সাংবাদিক তুহিন তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন সনি।
সনি বলেন, বড় বোন থানায় যাওয়ার পর তিনি দ্রুত তাঁকে আদালতে পাঠানোর অনুরোধ করেন। এ সময় ওসি তাঁকে আবেগপূর্ণ কথা বলেন এবং কত দিন কারাগারে থাকতে পারবেন, তা জানতে চান। সনি তাঁর ছোট মেয়ের কথা উল্লেখ করেন। পরে তাঁর বোন সাংবাদিক তুহিনের হাতে দুই লাখ টাকা দেন। তখন ওসি বলেন, টাকা কম দেওয়া হয়েছে এবং সনির ছেলেকে দেখে রাখতে বলেন। সাংবাদিক তুহিন তাঁর বোনকেও অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ করেন সনি।
সংবাদ সম্মেলনে সনি আরও দাবি করেন, থানা থেকে বাসায় ফেরার পর ওসি তাঁর ছেলে তাসরিফকে ফোন করে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না বলতে বলেন। অন্যদিকে, সাংবাদিক তুহিন তাঁর বাসায় গিয়ে বোনের কাছে বারবার টাকা দাবি করছিলেন। ওসিও তাঁকে আবার বাংলোয় যেতে বলছিলেন। এসব ঘটনার বিচার দাবি করে সনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতেই তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রত্যাহার হওয়া ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তিনি বলেন, ওই নারী যুব মহিলা লীগের নেত্রী ও একজন আসামি। তাঁর সঙ্গে ওসির কোনো পরিচয় ছিল না। পুলিশের সম্মান ক্ষুণ্ন করতে তিনি অপপ্রচার চালাচ্ছেন। নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে ওই নারী অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেন নোমান। তাঁকে আটক করার পর থেকেই ওই নারী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে সনিকে নিজের বাংলোয় যেতে বলার কথা শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সনির আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবির বিষয়েও তাঁদের কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার পর ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a comment