ফেনীর দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে তাসকিরা তান্নি সনিকে নিজের বাসভবনে যাওয়ার অনুরোধ করতে শোনা যায়। কথোপকথনের ব্যক্তিটিকে ওসি ফয়জুল আজীম নোমান বলে দাবি করা হচ্ছে।
অডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
এ সময় বাসায় গেলে কোনো সমস্যা হবে কি না, ওই নারী জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’
কথোপকথনের একপর্যায়ে নারী নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি অসন্তোষ প্রকাশ করেন বলেও অডিওতে শোনা যায়।
এ ছাড়া ছড়িয়ে পড়া অডিওতে থানায় আটক, অর্থ লেনদেন এবং পুনরায় টাকা দাবির বিষয়েও আলোচনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর তাসকিরা তান্নি সনিকে আটক করে দাগনভূঞা থানায় নেওয়া হয়। পরে একটি মামলায় মুচলেকার মাধ্যমে তিনি ছাড়া পান।
অডিওতে ওই নারী দাবি করেন, আটকের পর থানায় দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি জামিনের জন্যও তাঁকে অর্থ ব্যয় করতে হয়েছে। পরবর্তী সময়ে আবারও টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কথোপকথনে অভিযোগের বিষয়টি শুনে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার আশ্বাস দিতে শোনা যায় অপর প্রান্তের ব্যক্তিকে।
এ ছাড়া নিজের সাবেক স্বামী ও যুবলীগ নেতা পারভেজের সঙ্গে পুলিশের যোগাযোগ এবং থানায় অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে তাঁর ছেলে তাসরিফকে চাপ দেওয়ার অভিযোগও তোলেন সনি।
তবে অর্থ লেনদেন ও কথোপকথনসংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমান।
তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি ভুয়া ও ভিত্তিহীন। এটি কীভাবে তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের তদন্ত বা পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
Leave a comment