সিঙ্গাপুর যাওয়ার পথে বিমানে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি যাত্রীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পরে জামিনে মুক্ত থাকা অবস্থায় এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটানোর ঘটনায়ও গ্রেপ্তার হন তিনি। আদালতে দুটি অপরাধের দায় স্বীকার করেছেন ওই বাংলাদেশি।
বুধবার (২৫ নভেম্বর) সিঙ্গাপুরের দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৩ বছর বয়সী ওই বাংলাদেশির নাম খোন্দকার মো. ইয়ামিন।
আদালতে জানানো হয়, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে তিন গ্লাস ওয়াইন পান করার পর ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন ইয়ামিন।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো জানান, ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এতে ওই বিমানবালা মানসিকভাবে বিপর্যস্ত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে এমন আচরণ থেকে বিরত থাকতে বললে তিনি কোনো কথা না বলে হাসেন।
পরে ওই বিমানবালা বিষয়টি তাঁর এক সহকর্মীকে জানান। ওই সহকর্মী ইয়ামিনকে এ বিষয়ে প্রশ্ন করেন। বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে খবর দেওয়া হলে তারা তাঁকে গ্রেপ্তার করে। তবে আদালতের নথিতে বিমানটির যাত্রা শুরুর স্থান উল্লেখ করা হয়নি।
পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান ইয়ামিন। তবে এক মাসেরও কম সময়ের মধ্যে আরেক ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত পৃষ্ঠের ওপর তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন।
পুলিশ তাঁকে মদ্যপ অবস্থায় পায়। তখন তাঁর নাক দিয়ে রক্ত ঝরছিল। প্যারামেডিকরা তাঁর রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে হাত-পা ছুড়তে থাকেন। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে সিগারেট চেয়ে না পেয়ে তিনি আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ধরে রাখা এক পুলিশ কর্মকর্তার গায়ে থুতু ছিটিয়ে দেন।
সোমবার (২৩ নভেম্বর) সিঙ্গাপুরের আদালতে বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের দায় স্বীকার করেন খোন্দকার মো. ইয়ামিন।
Leave a comment