ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে তিনি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করার কথাও ঘোষণা করেন তিনি।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন অনেকে।
কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।
Leave a comment