ডিসেম্বর মাসকে সামনে রেখে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, গুজব, নাশকতা ও অবৈধ তৎপরতা প্রতিরোধে থার্মাল ডিভাইস, নাইট ভিশন, সার্চলাইট, ফ্ল্যাগ লাইট, ডগ স্কোয়াড ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে একটি মহল সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও বলেন, ‘ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস। এ মাসের তাৎপর্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’
তিনি জানান, থার্মাল ডিভাইস ও ডগ স্কোয়াডের পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ ও নজরদারি করা হচ্ছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দিন-রাত সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
বিজিবির এই অধিনায়ক বলেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা নাশকতামূলক কর্মকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনতে স্বয়ংক্রিয় ও আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ রিজার্ভ প্লাটুন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করবে বিজিবি।
এদিকে ডিসেম্বরকে ঘিরে সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিজিবি। পাশাপাশি কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা অস্বাভাবিক পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়েছে।
Leave a comment