গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
লিখিত বক্তব্যে তাঁরা বলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় স্বেচ্ছায় নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
তাঁরা আরও বলেন, তাঁদের এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে কারও কোনো চাপ, প্ররোচনা বা প্রভাব নেই। ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁরা সম্পৃক্ত থাকবেন না।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান বলেন, ‘তাঁরা পদত্যাগ করেছেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
Leave a comment