‘নসীব’ সিনেমায় নিজের চরিত্রের মৃত্যুর দৃশ্যের শুটিং করার কথা ছিল অভিনেতা সোহেল খানের। কিন্তু সেই দৃশ্য ধারণের আগেই মারা গেলেন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার একটি হোটেলে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘নসীব’ সিনেমার শেষ পর্যায়ের শুটিং চলছিল বগুড়ায়। এতে চারটি খলচরিত্রের একটিতে অভিনয় করছিলেন সোহেল খান। তাঁর আরও তিন থেকে চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল, যার মধ্যে একটি ছিল চরিত্রটির মৃত্যুর দৃশ্য।
মঙ্গলবারও শুটিংয়ের সূচি ছিল সোহেল খানের। সকালে সহকর্মীদের সঙ্গে নাশতা শেষে মেকআপ নেওয়ার জন্য বগুড়ার মম ইন হোটেলের নিজের কক্ষে যান তিনি।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, পরে শুটিংয়ের জন্য ডাকতে গিয়ে সহকারী পরিচালক রাজু তাঁকে কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনে আশপাশের কক্ষ থেকে অন্য সহকর্মীরা ছুটে আসেন।
অভিনেতা এল আর খান সীমান্ত জানান, কক্ষে গিয়ে তাঁরা সোহেল খানের নাড়ির স্পন্দন পাচ্ছিলেন না। এ সময় তিনি ও মেকআপশিল্পী বাবু তাঁকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়ার চেষ্টা করেন।
পরে দ্রুত তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর দৃশ্য নিয়ে রসিকতা করেছিলেন অভিনেতা
‘নসীব’ সিনেমায় চার খলচরিত্রে অভিনয় করছিলেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি, বাপ্পারাজ, সোহেল খান ও মুকিত জাকারিয়া।
পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সিনেমার গল্পে চারটি চরিত্রেরই মৃত্যু ঘটে। এর মধ্যে নিজের চরিত্রের মৃত্যুর দৃশ্যের শুটিং করা বাকি ছিল সোহেল খানের।
গত শুক্রবার রাতে বগুড়ার মম ইন হোটেলে সিনেমাটির গল্প ও নিজের চরিত্র নিয়ে কথা বলেছিলেন তিনি।
সেই আলাপচারিতায় রসিকতা করে বলেছিলেন, ‘একে একে সব ভিলেন মারা যাবে।’
সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেলে দর্শকেরা উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
একসঙ্গে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল
অভিনেতা মুকিত জাকারিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল সোহেল খানের। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়।
এরপর ১৪ বছরের বেশি সময় ধরে তাঁদের বন্ধুত্ব বজায় ছিল।
‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুজনই বগুড়ায় গিয়েছিলেন। একই হোটেলের পাশাপাশি কক্ষে অবস্থান করছিলেন তাঁরা। শুটিং শেষে একসঙ্গে ঢাকায় ফেরারও পরিকল্পনা ছিল।
বন্ধুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে মুকিত জাকারিয়া বলেন, ‘একসঙ্গে এসেছিলাম। একসঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।’
শোকের কারণে শুটিং স্থগিত
সোহেল খানের মৃত্যুর খবর পাওয়ার পর মঙ্গলবারের বাকি শুটিং বাতিল করে প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজক আরশাদ আদনান জানান, অভিনেতার আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিটের সদস্যরা শোকাহত। সবার পরিস্থিতি বিবেচনায় দিনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বগুড়ায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
‘নসীব’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও শাহরিয়ার নাজিম জয়। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল।
Leave a comment