নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পৌঁছে তিনি বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে নিয়ম অনুযায়ী আঙুলের ছাপ দিয়ে উপস্থিতি নিবন্ধন করেন তিনি। এরপর সন্ধ্যায় বিভিন্ন দাপ্তরিক কাজ করেন।
এর আগে সকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যান প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হন তিনি। পরে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
সেখানে সশস্ত্র বাহিনীর তিনটি বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
এই প্রথম সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া পরিদর্শনের সময় সেনাপ্রধানের সঙ্গে একটি সামরিক কৌশলগত যানে চড়ে অনুশীলনের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে গিয়ে সরকারি দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন তিনি।
Leave a comment