শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। সড়কটির আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক নির্মাণের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালেও একবার ধসে পড়েছিল বলে দাবি তাঁদের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নির্মাণকাজ চলাকালেই ওই স্থানে একবার ধস দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে খননযন্ত্র দিয়ে মাটি এনে ফেলা হয়। তাঁরা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে চলে যান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরেক বাসিন্দা আশিক মোড়ল বলেন, সড়ক নির্মাণের এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে তা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো পাশের মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। সড়কটি টেকসই করতে দ্রুত ও যথাযথভাবে সংস্কারের দাবি জানান তিনি।
তবে ধসের জন্য টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াকে দায়ী করেছেন ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। কাজটি এখনো নির্মাণাধীন। তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে ঠিকাদার বলেন, ‘স্থানীয়রা কী বললেন, না বললেন, সেটি কোনো বিষয় নয়। তাঁরা কাজের কী বোঝেন?’
সড়কটির নির্মাণকাজের মান ও ধসের বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। পরে গোপনে ধারণ করা বক্তব্যে তাঁকে বলতে শোনা যায়, এ বিষয়ে বক্তব্য দিলে তাঁর সমস্যা হতে পারে। এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ধসের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সমাধানে এলজিইডির পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সরকারি অর্থে নির্মিত সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Leave a comment