দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংকটির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
অধ্যাপক ইউনূস জানান, চট্টগ্রামে তাঁর পারিবারিক বাড়িতেও হামলা হয়েছে। ওই বাড়িতে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। সেখান থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে।
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক।
তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, স্বাবলম্বী হওয়া এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিবৃতিতে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাঁদের ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
অধ্যাপক ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। শুধু চলতি মাসেই প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। তাঁর আশঙ্কা, ধারাবাহিক হামলাগুলোর পেছনে সংঘবদ্ধ কোনো গোষ্ঠীর নির্দেশনা থাকতে পারে।
বিবৃতিতে বলা হয়, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ধারাবাহিক হামলার কারণে ব্যাংকটির সেবার ওপর নির্ভরশীল দরিদ্র নারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি বহু নারীর জীবিকা, পরিবার পরিচালনা ও সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম অবলম্বন।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি আরও অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংকের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন অধ্যাপক ইউনূস।
তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। তাঁর নিজের কোনো শেয়ার নেই এবং কখনো ছিলও না।
বিবৃতিতে তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
অধ্যাপক ইউনূস জানান, ব্যাংকটির ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।
তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
একই সঙ্গে প্রতিটি হামলার তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
বিশ্বের বিভিন্ন দেশে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদেরও এসব সহিংসতার বিরুদ্ধে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।
বিবৃতির শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়; এটি দারিদ্র্য দূরীকরণ ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের প্রচেষ্টার ওপরও আঘাত।
দরিদ্র নারীদের মালিকানাধীন গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Leave a comment