Home সাম্প্রতিক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
সাম্প্রতিক

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

Share
Share

২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির বুধবার প্রকাশিত ধর্মীয় জনমিতিবিষয়ক এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, ইসলাম ও খ্রিস্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি। এর অন্যতম প্রধান কারণ মুসলিম নারীদের মধ্যে সন্তান জন্মদানের হার বেশি হওয়া।

পিউ রিসার্চের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে মূল বিষয় হলো সন্তান জন্মদানের হার। ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের তুলনায় সন্তান জন্মদানের হার এ ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। অন্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ১ দশমিক ৬। জনসংখ্যার একটি প্রজন্মের আকার অপরিবর্তিত রাখতে সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।

পিউ রিসার্চের হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিমদের সংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। সংস্থাটির নতুন পূর্বাভাস বলছে, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়ে ২৫৭ কোটি এবং খ্রিস্টান জনসংখ্যা বেড়ে ২৫২ কোটিতে পৌঁছাতে পারে।

বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। অন্যদিকে, খ্রিস্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছুটা নিচে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন নিয়ে পিউ রিসার্চের বৃহত্তর গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এসব পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর বয়সভিত্তিক জনসংখ্যার কাঠামো, সন্তান জন্মদানের হার, ধর্মীয় পরিচয়ের পরিবর্তন এবং অভিবাসনের প্রবণতা বিবেচনায় নিয়ে এসব হিসাব করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, আগামী কয়েক দশকে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা রয়েছে। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিস্টান। ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ।

প্রতিবেশী কানাডাতেও একই প্রবণতা দেখা যেতে পারে। ২০৩০ সালের মধ্যে দেশটির মোট জনসংখ্যায় খ্রিস্টানদের অনুপাত ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় খ্রিস্টান জনসংখ্যার অনুপাত কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে কোনো ধর্মীয় পরিচয় নেই—এমন মানুষের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। একই সময়ে কানাডায় ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা খ্রিস্টানদের ছাড়িয়ে যেতে পারে।

মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা বাড়বে

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে সংস্থাটির বিশ্লেষণ করা ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম ও খ্রিস্টানদের জনসংখ্যা বৃদ্ধির হারই বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সমান বা বেশি হবে।

এই ৫০ বছরে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ এবং খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে।

অন্যদিকে, হিন্দু ও ইহুদি ধর্মাবলম্বীদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাঁদের অংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৌদ্ধদের ক্ষেত্রে মোট সংখ্যা ও বিশ্ব জনসংখ্যায় তাঁদের অনুপাত—উভয়ই কমতে পারে। চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের জনসংখ্যা হ্রাসের প্রবণতাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘বাঁচতে চাইলে আর রাস্তায় বের হয়ো না’: যুবদল নেতা নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের রাস্তায় না নামার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন,...

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করা হয়েছে। বুধবার (১৮...

Related Articles

শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা...

শেখ হাসিনা গোষ্ঠীসহ পালিয়েছেন, আর আসবেন না: এমপি কয়ছর

ছাত্র-জনতা হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির...

হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সর্বশেষ...

‘১টা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’

ফরিদপুরে একটি গাড়ি পোড়ানো হলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে...

;