জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা ছিল কি না, অর্থের লেনদেন হয়েছে কি না এবং হামলায় কারা জড়িত ছিলেন, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত সংস্থাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিকেলে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জমা দেন। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার অনুযায়ী, ওই দিন দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় সাবেক খতিব মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। পরে তাঁকে মিম্বর থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি লোহার রড দিয়ে বাদীর ডান চোখের নিচে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতর আহত হয়। অন্য আসামিরাও বাদীসহ উপস্থিত মুসল্লিদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। ওই ঘটনায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে সিআইডি বলেছে, ঘটনার সঙ্গে রুহুল আমিনের সংশ্লিষ্টতা, হামলার পেছনে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্ররোচনা এবং আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধান করা প্রয়োজন। পাশাপাশি হামলায় নেতৃত্বদানকারীদের শনাক্ত করা, ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য উদঘাটন এবং অন্য আসামিদের ভূমিকা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করা হয়। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ১১৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
Leave a comment