বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) একটি জিপে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের সাদা রঙের একটি জিপে আগুন দেওয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের।
আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি গাজীপুর মহানগর পুলিশের।
শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে তিনি পুলিশের জিপ নিয়ে সেখানে যান। গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাড়িটির আশপাশে অবস্থান নেওয়ায় সেটি সরানো সম্ভব হয়নি।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আমার গাড়িটিকে আগে থেকেই লক্ষ্যবস্তু করে রেখেছিল। একপর্যায়ে গাড়িটিতে আগুন দেওয়া হয়।’ তবে এ ঘটনায় তিনি নিরাপদে আছেন বলে জানান।
এদিকে বাঘের বাজার, ভবানীপুর ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
Leave a comment