ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিকার চেয়ে শিক্ষক পরিবর্তনের দাবিতে উপাচার্যের কাছে লিখিত আবেদন করেছেন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত রোববার (১৫ নভেম্বর) শিক্ষার্থীরা উপাচার্য বরাবর এ আবেদন করেন। এতে দ্বিতীয় সেমিস্টারের ১৫১ নম্বর কোর্সটি অধ্যাপক খায়রুল চৌধুরীর পরিবর্তে অন্য শিক্ষকের অধীনে পরিচালনা এবং তাঁর মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন না করার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে পাঠদান নিয়ে প্রশ্ন করলে ওই শিক্ষক বিরক্তি প্রকাশ করেন এবং ভুল উত্তর দিলে ‘গাধা’ বলে সম্বোধন করেন। এ ছাড়া শিক্ষার্থীদের নাম নিয়ে বিদ্রুপ, পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যক্তিগতভাবে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে।
আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘Blindness’ ও ‘The Giver’ বইয়ের বিষয়বস্তু বোঝানোর সময় প্রজেক্টরে ফেসবুক রিলস দেখানোর জন্য এক নারী শিক্ষার্থীকে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বলেন শিক্ষক। শিক্ষার্থী অনীহা প্রকাশ করলেও তাঁকে লগইন করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এ ছাড়া এক শিক্ষার্থীর নাম নিয়ে বিদ্রুপ, নারী শিক্ষার্থীদের সাজসজ্জা ও মেকআপ নিয়ে আপত্তিকর মন্তব্য এবং পুরুষ শিক্ষার্থীদের পোশাক নিয়েও কটূক্তির অভিযোগ করেছেন তাঁরা। নির্ধারিত ৪৫ মিনিটের ক্লাস দুই ঘণ্টার বেশি সময় ধরে নেওয়া এবং পাঠ্যবিষয়ের বাইরে ব্যক্তিগত আলোচনা করার অভিযোগও রয়েছে।
শিক্ষার্থীদের দাবি, এর আগেও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ওই শিক্ষককে বয়কট করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভাগের তিনটি ব্যাচের শিক্ষার্থীরা তাঁর ক্লাস বর্জন করেন। সম্প্রতি মুচলেকা দেওয়ার পর তিনি আবার ক্লাসে ফিরলেও আচরণের পরিবর্তন হয়নি বলে অভিযোগ তাঁদের।
বিভাগের ২০তম ব্যাচের এক শিক্ষার্থী জানান, শিক্ষকের আচরণে অতিষ্ঠ হয়ে তাঁরা ক্লাস বর্জন করেছেন এবং গণস্বাক্ষর সংগ্রহ করেছেন। শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত ভোটে প্রায় ৮০ শতাংশ তাঁর ক্লাস না করার পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন ওই শিক্ষার্থী। মাস্টার্সের ক্লাস শেষ না হওয়া পর্যন্ত ওই শিক্ষকের পরিবর্তে বিকল্প শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার না করে বিষয়টি নিয়ে সভা না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলতে চাননি অধ্যাপক ড. খায়রুল চৌধুরী। তিনি বলেন, কারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা এখনো নিশ্চিত নন। তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন বলেও দাবি করেন।
শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্টে লগইন করানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, পাঠদানের প্রয়োজনে একজন শিক্ষার্থীর অনুমতি নিয়েই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বলেছিলেন। মাত্র দুই মিনিটের একটি ভিডিও দেখানো হয়েছিল।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের আবেদন পাওয়ার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবেদনের অনুলিপি সংশ্লিষ্ট ডিনের কাছেও পাঠানো হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে নির্ধারিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শ্রেণিকক্ষে টেবিলের ওপর বসে পাঠদান করার একটি ছবিও প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের এক অধ্যাপক বলেন, এভাবে ক্লাস নেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম না থাকলেও এটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
Leave a comment