গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলার আহ্বান জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, থানায় হামলা, গাড়িতে আগুন ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় জড়িত প্রত্যেককে ভিডিও ফুটেজ যাচাই করে আইনের আওতায় নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দুষ্কৃতিকারীরা যদি মনে করেন তাঁদের ভিডিও রেকর্ড বা ফুটেজ সরকারের কাছে নেই, তাহলে তাঁরা ভুল করছেন। যারা থানায় হামলা করেছেন, গাড়িতে আগুন দিয়েছেন এবং নৈরাজ্য সৃষ্টি করেছেন, তাঁদের প্রত্যেককে আজ হোক কাল শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা যেন গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকেন এবং কিছু দুষ্কৃতিকারীর উসকানিতে পা না দেন। তাঁর দাবি, সীমান্তের ওপার থেকে কেউ কেউ উসকানি দিচ্ছে।
সংসদে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। তাদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ নেই; রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ।
এদিকে যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনায় যুক্তরাজ্যে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের দূতাবাস ও দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।
Leave a comment