ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিভিন্ন মামলায় তাঁদের বিচারের মুখোমুখি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ১৭টি মামলার তদন্ত চলছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে-বিদেশে স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু হয়।
এসব অভিযোগের মধ্যে রয়েছে অবৈধভাবে সরকারি প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতি ও অর্থ পাচার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ।
রূপপুর প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা আত্মসাৎ ও ৩০ কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে। এ ছাড়া জন্মশতবার্ষিকী উদ্যাপনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
পাশাপাশি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করছে দুদক।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান খান জানান, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের আরও কিছু সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এসব সম্পদের বিস্তারিত তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সচিব বলেন, মামলার সংখ্যার চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ আদালতে প্রমাণ করা এবং বিচার নিশ্চিত করাই সংস্থাটির লক্ষ্য।
তিনি আরও জানান, দুর্নীতির মামলার আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
Leave a comment