সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলা ও মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের গ্রেপ্তার দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে তাঁর গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং মারধর করেন। এ সময় রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
নাজিবুর রহমান বলেন, রাহেদুল ইসলাম বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, এ ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি প্রত্যাশা করেছিলেন। মবের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে রাহেদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট শাখা। এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে ফৌজদারি মামলা দায়ের এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সাম্প্রতিক সময়ে রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আটক করে মারধর এবং পরে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগও উঠেছে।
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে পুলিশের অভিযানের সময় রবিউল ইসলাম নয়নকে তাঁর অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। ওই দিন জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের প্রায় সবাই জামিনে মুক্তি পান।
Leave a comment