গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখে ব্যানার টানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কলেজের নামফলক ভাঙচুর করে শহরে মিছিল করেন তাঁরা। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মিছিল থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
এর আগে গতকাল শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পাটগাতী-গোপালগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।
২০২৫ সালের ২২ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রজ্ঞাপন জারি করে। পরদিন ২৩ জুন রাতে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানগুলোর নতুন নাম নির্ধারণের কথা বলা হয়।
ওই প্রজ্ঞাপনে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের’ নাম পরিবর্তন করে ‘গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ’ রাখা হয়। একই সঙ্গে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে নাম পরিবর্তনসংক্রান্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a comment