কর্মসংস্থানের জন্য সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধাকে’ মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। চলতি নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।
মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (১৬ নভেম্বর) কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত চিকিৎসাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে নির্বাচিত এক হাজার ‘জুলাই যোদ্ধার’ বিদেশযাত্রা ও কর্মসংস্থানসংক্রান্ত যাবতীয় খরচ সরকার বহন করবে।
নির্ধারিত অভিবাসন ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।
তিনি আরও জানান, কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চলতি মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a comment