Home জাতীয় জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী
জাতীয়

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

Share
Share

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তাঁর অভিযোগ, আদালতে নেওয়ার সময় জিয়াউল আহসানকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী।

সংসদে লুনা বলেন, গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। সঙ্গে থাকা পুলিশ সদস্যরাও তাঁকে বিশেষ নিরাপত্তা বা ভিআইপি প্রটোকল দিচ্ছিলেন বলে মনে হয়েছে।

তাহসিনা রুশদীর অভিযোগ করেন, জিয়াউল আহসান হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর পরও তাঁকে হাতকড়া ছাড়াই আদালতে নেওয়া হয়। এমনকি তাঁর পায়ে ডান্ডাবেড়িও পরানো হয়নি। এ ঘটনায় তিনি এবং গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

এ সময় আইনমন্ত্রীর কাছে লুনা জানতে চান, সরকার জিয়াউল আহসানের প্রতি বিশেষ সহানুভূতি দেখাচ্ছে, নাকি তাঁকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে।

তাঁর বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি সংসদের কার্যপ্রণালি অনুযায়ী পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় আইনমন্ত্রী চাইলে এ বিষয়ে বক্তব্য দিতে পারেন।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার বিষয়টি তাঁর নজরেও এসেছে। তবে কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। এরপরও বিষয়টি সরকারের নজরে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী জানান, পরবর্তী সময়ে জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।

বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি বিচারপ্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৩০০ অনুযায়ী দেওয়া বক্তব্যে দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে বিশেষ দল পাঠানোর কথা জানিয়েছিলেন।

ওই প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে। তারা গুম, খুন, রাজনৈতিক নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করবে।

তদন্তে সহযোগিতা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকলে সে বিষয়ে তদন্ত দলকে তথ্য দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও বিচার নিশ্চিত করতে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সাত দিনের সফরে আগামী ১৩ নভেম্বর রাতে...

Related Articles

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে এক হাজার ‘জুলাই যোদ্ধা’

কর্মসংস্থানের জন্য সরকারি খরচে এক হাজার ‘জুলাই যোদ্ধাকে’ মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে...

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...

কৃষকদের ‘মূর্খ’ বললেন সংসদ সদস্য, কার্যবিবরণী থেকে শব্দটি বাদ

জাতীয় সংসদে দেশের অধিকাংশ কৃষককে ‘অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা মূর্খ’ বলে মন্তব্য করেছেন...

স্বামীর মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে...

;