জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে হুমকি ও গালিগালাজের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি, বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দিয়ে সবুজ খান নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সামান্তা শারমিন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২টা ২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে “জয় বাংলা” করে দেওয়ার হুমকি দিয়েছে। অকথ্য ভাষায় গালাগালি করেছে। কিন্তু ছাত্রলীগে তার পদবি কী, সেটা বলতে রাজি হয়নি।’
পোস্টে সামান্তা শারমিন আরও লেখেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না।’
এ বিষয়ে গণমাধ্যমকে সামান্তা শারমিন বলেন, হোয়াটসঅ্যাপে প্রথমবার কল আসার সময় নেটওয়ার্ক চলে যাওয়ায় তিনি শুধু বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় শুনতে পান। পরে আবার ফোন করলে ওই ব্যক্তি নিজেকে সবুজ খান ও বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন।
সামান্তার ভাষ্য, ওই ব্যক্তি তাঁকে বলেন, ‘তোমাকে জয় বাংলা কইরা দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে।’ এর অর্থ জানতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
সামান্তা শারমিন বলেন, একপর্যায়ে তিনি ওই ব্যক্তির কাছে বরগুনা জেলা ছাত্রলীগে তাঁর পদ, অবস্থান এবং রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ওই ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। পরে নিজেই ফোন কেটে দেন।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে সামান্তা শারমিন বলেন, রোববারই থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
সামান্তা শারমিন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে তিনি দলটির জ্যেষ্ঠ আহ্বায়কের দায়িত্ব পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সর্বশেষ দলটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৫ নভেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করেন।
এদিকে সাম্প্রতিক সময়ে এনসিপির আরও কয়েকজন নারী নেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগের ঘটনা সামনে এসেছে। গত শুক্রবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু হত্যার হুমকি পাওয়ার কথা জানান। এর আগের দিন বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেছেন তিনি।
Leave a comment