পর্তুগাল জাতীয় ফুটবল দলের জার্সিতে ৭ নম্বরের নকশা পরিবর্তন করেছে দেশটির ফুটবল ফেডারেশন। কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নকশার ৭ নম্বরটি আগের চেয়ে আলাদা, যা ‘৭ কম ত্রাসো’ নামে পরিচিতি পেয়েছে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, রোনালদোর সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ এই নম্বরের গুরুত্ব ও তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতেই নকশায় পরিবর্তন আনা হয়েছে।
ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, ‘৭’ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গল্প, স্মৃতি, অর্জন ও আবেগ, যা চিরকাল রোনালদোর সঙ্গে সম্পর্কিত থাকবে। তাঁর দীর্ঘ ক্যারিয়ার ও পর্তুগাল ফুটবলে অবদানকে সম্মান জানাতেই নতুন নকশার এই উদ্যোগ।
এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, এখন থেকে জার্সিতে নতুন নকশার ৭ নম্বর ব্যবহার করা হবে। তবে এর আগের নকশাটি রোনালদোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে।
ফেডারেশন আরও জানিয়েছে, নতুন নকশায় সংখ্যাটির মূল পরিচয় ও গর্ব অক্ষুণ্ন রাখা হয়েছে। একই সঙ্গে আগের নকশাটি এমন এক ইতিহাসের স্মারক হয়ে থাকবে, যা কখনো ভোলার নয়।
পর্তুগাল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে ৭ নম্বর জার্সি পরে খেলছেন রোনালদো। জাতীয় দলের হয়ে তাঁর অসংখ্য অর্জন ও সাফল্যের কারণে নম্বরটি পর্তুগিজ ফুটবলের বিশেষ পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
Leave a comment