Home সাম্প্রতিক এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা
সাম্প্রতিক

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। এতে তাঁর বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী। তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তাও।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। পরে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। একপর্যায়ে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাদী।

এজাহারে বলা হয়, জমিসংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাড়ি থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করেছেন বাদী।

ইদ্রিস আলীর অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইলে উল্টো ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাঁকে কারাগারে যেতে হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করা হয়েছে।

এ নিয়ে প্রতিবাদ করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ইদ্রিস আলী। নিরাপত্তাহীনতার কারণে তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

বাদী আরও অভিযোগ করেন, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুন লাগার ঘটনায় করা মামলায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে। এ নিয়ে আতঙ্কিত হয়ে তিনি মামলা করেছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে আগের ঘটনায় এত দিন মামলা করতে পারেননি বলেও জানান তিনি।

এ বিষয়ে ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে তিনি জমি কিনেছিলেন। জমিটি আবদুল হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায় অবস্থিত। গত বছরের ঘটনার বিচার চেয়েই তিনি মামলা করেছেন।

তবে মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, ইদ্রিস আলী এলাকায় থাকেন না। স্থানীয় অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে তাঁর জানা আছে।

আবদুল হালিম আরও বলেন, তাঁর ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিরোধ ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ১১ নভেম্বর দিবাগত রাতে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় পেট্রলবোমা হামলার অভিযোগ করেন নুসরাত ও এনসিপির নেতারা।

পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিকভাবে সেখানে পেট্রলবোমা ব্যবহারের আলামত পাওয়া যায়নি বলে ধারণা করা হচ্ছে। পুরোনো বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি। তবে তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পল্লী বিদ্যুতের প্রাগপুর সাবজোন কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক। পরিদর্শন শেষে তিনি জানান, বৈদ্যুতিক মিটার, তার, প্রধান সুইচ ও ট্রান্সফরমারের ফিউজ অক্ষত পাওয়া গেছে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, সেখানে শর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই।

তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক...

Related Articles

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ঠেকাতে নজরদারি জোরদার করেছে...

ইরানের হুমকিতে ভীত নন, তবে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পেলেও ভীত নন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী...

‘বাংলাদেশের সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য

বাংলাদেশের সামরিক বিমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে চায়...

১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার...

;