হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন মাহদী হাসান।
মাহদীর দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপর সেখানে আগুন জ্বলে ওঠে। তাঁর সন্দেহ, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাঁদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।
ফেসবুক লাইভে মাহদী তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্য দেখান। একই সঙ্গে মাটিতে পেট্রোলবোমার অংশ পড়ে আছে বলেও দাবি করেন তিনি।
মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’
তবে মাহদীর অভিযোগ নাকচ করেছেন ওসি মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’
ওসি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায়।
Leave a comment