চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি টাকা। এর মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে সম্প্রতি অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।
ব্যবসায়িক সংকটে পড়ে একের পর এক কারখানা বন্ধ হওয়ার মুখে এবার ব্যবসা গুটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন অনন্ত জলিল। বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসির আওতায় ব্যবসা বিক্রি করে ব্যাংকের ঋণ সমন্বয়ের চেষ্টা করছেন তিনি। এ জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীও খুঁজছেন।
এমটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ার পর গ্রাহক পুনঃতফসিলের আবেদন করেন। তবে এ সুবিধা পেতে নির্ধারিত ডাউন পেমেন্ট দিতে ব্যর্থ হন তিনি। পরে ডাউন পেমেন্টের জন্য দেওয়া চেক ডিজঅনার হওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ঋণ আদায়ে এখনো অর্থঋণ আদালতে মামলা করা হয়নি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসির আওতায় ঋণটি পুরোপুরি সমন্বয়ের চেষ্টা চলছে। গ্রাহকও দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে ব্যাংকের নিয়মিত যোগাযোগ রয়েছে।
ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন তিনি। ওই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।
অন্যদিকে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
তৈরি পোশাকশিল্পের ব্যবসার মধ্য দিয়ে এজেআই গ্রুপ প্রতিষ্ঠা করেন অনন্ত জলিল। পরে ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হননি তিনি।
এ বিষয়ে জানতে অনন্ত জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
Leave a comment