চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর খবর ও লাশ দেখে শোকে জ্ঞান হারানোর পর মারা গেছেন বড় ভাই। গতকাল সোমবার পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই ভাই হলেন হাসেম খান (৬০) ও হাসান খান (৫৫)। তাঁরা উপজেলার নবকলস এলাকার বাসিন্দা।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হাসানের হৃদ্রোগ ছিল। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় অসুস্থ হয়ে মারা যান তিনি। বেলা একটার দিকে তাঁর মরদেহ নবকলসে পৈতৃক বাড়িতে আনা হয়। ছোট ভাইয়ের মরদেহ দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান বড় ভাই হাসেম। পরে বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
রাত আটটার দিকে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়। হাসানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অন্যদিকে হাসেমের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাসানের ছোট মেয়ে রিপা খান কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই অনেক টাকা ঋণ করে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন বেকার থাকার পর কয়েক মাস আগে কাজ পান। তবে আয় তেমন না হওয়ায় তাঁদের সংসারে আর্থিক সংকট রয়েছে। তিনি বলেন, তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন। এখন জ্যাঠার মৃত্যুর পর তাঁরা অভিভাবকশূন্য হয়ে পড়েছেন।
হাসেমের স্ত্রী মেহেরুন নেছা বলেন, তাঁর স্বামী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর দুবার স্ট্রোক হয়েছিল। ছোট ভাইয়ের মরদেহ দেখে তিনি শোক সহ্য করতে পারেননি।
একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
Leave a comment