গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বাসস্ট্যান্ড অবরোধ করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিবলু আহমেদ বলেন, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ ছাড়া দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a comment