ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণসংক্রান্ত বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আমিরাত ছাড়তে পারবেন না।
মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীন গৃহীত একটি প্রস্তাবের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের আগের অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সর্বসম্মত একটি প্রস্তাব গৃহীত হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বেনজীর আহমেদ আদালত থেকে জামিন পেলেও তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশটির বাইরে যেতে পারবেন না।
প্রত্যর্পণ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তদন্তকারী সংস্থার আবেদনের পর প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে ইন্টারপোল গত বছরের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরে ২০২৬ সালের ১২ জুন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদ সে দেশে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে দেশে ফেরত আনার জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানানোর আহ্বানও জানানো হয়। বাংলাদেশ সরকার চার দিনের মধ্যে প্রয়োজনীয় প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরে আমিরাত কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী অতিরিক্ত তথ্যপ্রমাণও সরবরাহ করা হয়।
দুবাইয়ের আদালতে জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়ার সমাপ্তি নয়। প্রত্যর্পণ স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নয়; এটি সংশ্লিষ্ট দেশের বিচারিক ও সার্বভৌম আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। স্থানীয় আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ অপরাধের প্রকৃতি, পরোয়ানা এবং সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ সময়মতো প্রয়োজনীয় নথি পাঠিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং নিয়মিত সমন্বয় বজায় রাখছে। ফলে এ ঘটনাকে সরকারের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি সম্মান রেখেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক, আইনি ও পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক একটি মামলার বিষয়েও সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদের সন্ধান, অবরুদ্ধ ও বাজেয়াপ্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ও নথিপত্র পাওয়া গেলে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এসব সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।
Leave a comment