রাজধানীর শ্যামলীতে চলন্ত অবস্থায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শেরেবাংলা নগর থানার অধীন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, রাত সোয়া ৯টার দিকে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসে শুধু চালক ও তাঁর সহকারী ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা বাস থেকে নেমে পড়েন। এতে তাঁরা অক্ষত থাকেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিসংযোগের ঘটনা তদন্তের বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা বলেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের ১১টি জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরে এসব ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
Leave a comment