আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরা চলাকালে প্রসিকিউশনের এক সদস্যের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মন্তব্যটিকে হুমকি হিসেবে উল্লেখ করে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবী। পরে উভয়পক্ষকে শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
রোববার (৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ নম্বর সাক্ষীকে জেরার সময় এ ঘটনা ঘটে।
আসামিপক্ষে সাক্ষীকে জেরা করছিলেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরীসহ অন্য আইনজীবীরা। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, গাজী এমএইচ তামিম ও সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা।
জেরার একপর্যায়ে সাক্ষীর কাছে ২০২৪ সালে হাইকোর্টের একটি রায় সম্পর্কে জানতে চান আইনজীবী পলাশ চন্দ্র রায়। জবাবে সাক্ষী বলেন, ওই রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০২৪ সালের ৯ জুলাই অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিয়েছিল কি না, তা তাঁর জানা নেই।
সাক্ষী আরও বলেন, একই দিনে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একটি আবেদন করা হয়েছিল। তবে সেটি ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের একটি ‘মনভোলানো কৌশল’। পরে ওই মামলার শুনানির তারিখ জানতে চাইলে সাক্ষী জানান, তাঁর তা মনে নেই।
এ পর্যায়ে আরও কিছু প্রশ্ন করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তখন আসামিপক্ষের সারিতে বসা জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী প্রসিকিউশনের উদ্দেশে বলেন, প্রসিকিউশনই জেরা করুক, তাঁরা বসে যাবেন।
এ সময় ট্রাইব্যুনাল মুনসুরুল হককে ডায়াসে এসে কথা বলতে বলেন। তিনি অভিযোগ করেন, প্রসিকিউশনের কেউ দাঁড়িয়ে গেলে সাক্ষীর মনোযোগ অন্যদিকে চলে যায় এবং তিনি সতর্ক হয়ে ওঠেন। এতে সাক্ষীর কাছ থেকে সত্য বের করা কঠিন হয়ে পড়ে। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট আইন পড়ে শোনান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আইন পড়া শেষ হলে আবার জেরা শুরু হয়। এ সময় কাঠগড়ায় বসা সাক্ষীকে উদ্দেশ করে আসামিপক্ষের আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রসিকিউশনের দিকে মুখ ফিরিয়ে জবাব দিতে। জবাবে সাক্ষী বলেন, ‘ঠিক আছে, তাহলে আমি সরে যাই।’ এরপর তিনি নিজের চেয়ার ঘুরিয়ে নেন।
সাক্ষীর এমন আচরণ দেখে প্রসিকিউশনের এক সদস্য বলে ওঠেন, ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’। এ মন্তব্যে আপত্তি জানিয়ে আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, এটি এক ধরনের হুমকি। এমন পরিস্থিতিতে জেরা করা কঠিন। এ নিয়ে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করেন এবং দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেন। পরিস্থিতি শান্ত হলে আইনজীবী পলাশ আবার জেরা শুরু করেন।
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর আদালত অভিযোগগুলো আমলে নেন।
প্রসিকিউশনের আনা অভিযোগগুলোর প্রথমটিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মূল নীতিগত সিদ্ধান্ত নিতেন সালমান ও আনিসুল। এর ধারাবাহিকতায় ১৯ জুলাই এক ফোনালাপে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক আন্দোলনকারীদের ওই রাতেই কারফিউ জারির মাধ্যমে শেষ করে দেওয়ার কথা বলেন। তাঁদের প্ররোচনা ও ষড়যন্ত্রের কারণে বহু ছাত্র-জনতা প্রাণ হারালেও নির্যাতন বন্ধে তাঁরা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়, তাঁদের প্রত্যক্ষ জ্ঞান ও উসকানিতে ২৩ জুলাই রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডাররা হত্যাযজ্ঞ চালান। তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও ষড়যন্ত্রের মাধ্যমে ২৮ জুলাই মিরপুর-১০ নম্বরে হত্যাযজ্ঞ চালান এই দুই ব্যক্তি।
চতুর্থ অভিযোগে বলা হয়, কারফিউ জারি এবং মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনার মাধ্যমে ৪ আগস্ট মিরপুর-১ এলাকায় আকাশ, সেতু ও আলভীসহ ১২ জনকে হত্যা করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পঞ্চম অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ব্যর্থ করতে পরিকল্পনা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। তাঁদের নির্দেশে প্রশাসন ও ক্ষমতাসীন দলের হামলায় মিরপুর-২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আল-আমিন, আশরাফুল, সাব্বির ও রিতাসহ ১৬ জন নিহত হন।
তবে এসব অভিযোগ বিচারাধীন; অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।
ইত্তেফাক/এমএসআর
Leave a comment