বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাহাজের নাম ছিল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার নামে। অন্য একটি জাহাজের নাম ছিল ‘জয় বাংলা’। নতুন সিদ্ধান্তে জাহাজ পাঁচটির নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম পরিবর্তনের তালিকায় রয়েছে ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮)। জাহাজটির নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।
এ ছাড়া ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।
এর ফলে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে থাকা কোস্টগার্ডের চারটি জাহাজ নতুন নাম পাচ্ছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি থাকায় প্রবাসী বাংলাদেশ সরকার গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতীয় চার নেতা। তাঁদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশের প্রশাসনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাঁদের হত্যা করা হয়।
তবে জাহাজগুলোর নাম পরিবর্তনের কারণ কিংবা নতুন নাম নির্বাচনের ভিত্তি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনপত্রে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
Leave a comment